গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সেখানে প্রধান সমন্বয়কারীর পদ থেকে জোনায়েদ সাকির অব্যাহতি এবং নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকির পাশাপাশি দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার এবং হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকারে তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।









