আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, তেলের দাম বাড়ানো বা না বাড়ানো নিয়ে নানা আলোচনা থাকলেও এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, এর সঙ্গে আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো শর্ত মেনে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে ঋণ নেবে না সরকার। সামাজিক সুরক্ষা খাত, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উন্নয়ন সহযোগীদের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।









