আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সালীম আহমাদ খান বলেছেন , বিভিন্ন দেশে বসবাসকারী নিবন্ধিত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত বগুড়া-৬ আসনে ভোট দেওয়ার জন্য ১ হাজার ২৮১ জন প্রবাসী ভোটার এবং শেরপুর-৩ আসনে নিবন্ধন করেছেন ৩৮৩ জন প্রবাসী ভোটার।
ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার বলছিলেন, আজকের মধ্যেই এই দুই আসনের নিবন্ধিত সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এর আগে জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য ‘ওসিভি’ এবং দেশের ভেতরের ভোটারদের জন্য ‘আইসিভি’—এই দুই ধরনের পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট পাঠানো শুরু হবে বৃহস্পতিবার থেকে। অন্যদিকে দেশের অভ্যন্তরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হতে পারে ২৩ অথবা ২৪ মার্চ থেকে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছিলেন। তবে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন এবং শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।









