ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী জানান, এ কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন।
সোমবার (২০ এপ্রিল) বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় জহির উদ্দিন স্বপন বলেছেন, একটা দেশ, একটা জাতি এবং সে জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে।
তার দাবি, আজকে বিশ্ব মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায়, তা হয়ত সম্ভব হতো না যদি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পথ তৈরি না করতেন।
তিনি আরও বলেছেন, যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। তাই আমাদের সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের, সমাজের এবং সরকারের দায়িত্ব।









