যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে এর আগে চলা ৪০ দিনের সামরিক অভিযান সম্পর্কে পেন্টাগনের এক ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছে, কতটুকু সামরিক শক্তি ব্যবহার করা হয়েছে।
জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মাত্র ৪০ দিনেরও কম সময়ে মার্কিন সামরিক বাহিনী মোট যুদ্ধশক্তির মাত্র ১০ শতাংশ ব্যবহার করেই বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীকে কার্যত প্রমাণ দিয়েছে।
হেগসেথের বক্তব্যে আরও বলা হয়েছে, ইরান নিজেকে রক্ষা করতে অক্ষম প্রমাণিত হয়েছে। তেহরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের যৌথ অভিযান পরিকল্পনা অনুযায়ী প্রতিটি লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।
ব্রিফিংয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন বাহিনী সরাসরি মোতায়েন হবে না, তবে সেনারা আশপাশে অবস্থান করবে। হেগসেথ বলেছেন, আমরা কোথাও যাচ্ছি না। তবে ইরান যেন যুদ্ধবিরতির শর্ত মেনে চুক্তিতে অংশ নেয়, তা নিশ্চিত করতে সেনারা প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেছেন, সেনারা আগের অবস্থানেই থাকবে, সতর্ক থাকবে এবং প্রয়োজনে মুহূর্তের নোটিশে পুনরায় যেকোনো অভিযান শুরু করতে সক্ষম হবে।
হেগসেথের মতে, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, যা কার্যকর হবে। নতুন সরকারের সামনে কোনো বিকল্প বা সময় বাকি ছিল না, তাই তারা চুক্তিতে এসেছে। এই চুক্তি অনুযায়ী, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র হাতে পাবে না।









