জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআর থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছে। তারা ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে।
এনবিআর জানায়, এই চক্রটি পূর্বেও চেয়ারম্যানের ব্যক্তিগত নম্বর হ্যাক করে একই ধরনের প্রতারণার চেষ্টা করেছিল। সে সময় বিষয়টি নিয়ে শের-এ-বাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বর্তমানে আবারও একই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে এনবিআর কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদেরও এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, প্রতারণার বিষয়টি নজরে আসার পরই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে এই ধরনের প্রতারণার ফাঁদে পা না বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।









