নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারের জন্য সারা দেশে ইসি অনুমোদিত ব্যানার ও লিফলেট ব্যবহার করে ব্যাপক প্রচার চালাবে।
ইসির সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ইতোমধ্যেই গণভোট প্রচারের জন্য চূড়ান্তভাবে অনুমোদিত ব্যানার ও লিফলেট ছাপানো হয়েছে। ব্যানার ও লিফলেটে ভোটারদের কাছে প্রশ্ন করা হবে, “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এতে লিপিবদ্ধ সংবিধান সংশোধনের প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জানাচ্ছেন?” এবং হ্যাঁ বা না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে।
প্রস্তাবিত সংবিধান সংশোধনের মধ্যে রয়েছে: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন করা, আগামী জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে ১০০ সদস্য বিশিষ্ট দলের ভোটানুপাতে গঠন করা, সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতা সহ মোট ৩০টি বিষয়ে ঐকমত্য অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
ব্যানার ও লিফলেটে এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবং ভোটারদের হ্যাঁ বা না দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে।









