জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের ফলাফলে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং পরিকল্পিতভাবে আমাদের একাধিক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি বরিশাল বিভাগ কতৃক আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে এনসিপির একাধিক প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির এই নেতা বলেছেন, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বিবেচনা করে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, বাংলাদেশ ব্যাংক দখলের চেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এসব ঘটনাকে জনগণ উদ্বেগের সঙ্গে দেখছে।
সমাবেশে এনসিপির এই নেতা আরও জানান, যদি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তাহলে তাতে আন্দোলন দমে যাবে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে শত শত নতুন নাসিরউদ্দিন পাটোয়ারী তৈরি হবে।
তরুণ ভোটার ও সাধারণ মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে সচেতন উল্লেখ করে নাহিদ বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজন হলে তারা আবারও রাজপথে নামবে।
ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









