কারাগারের বন্দিরা পরিবারের স্বজনদের ছেড়ে দূরে থাকলেও বন্দিরা যাতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দময় পরিবেশে ঈদ কাটাতে পারেন, সে জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকাল আটটায় কারাগারে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে কারাবন্দি ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা (স্টাফ) অংশগ্রহণ করেন। নামাজ শেষে কারাবন্দিদের মাঝে ঈদের বিশেষ খাবার পরিবেশন করা হয়। সকালের নাস্তা হিসেবে ছিল মুড়ির পায়েস ও সেমাই। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যদিকে একটি সূত্র জানায়, বিশেষ কারাগারে সকাল সাড়ে আটটায় আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বন্দি প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও দেশের কারাগারগুলোতে দুই ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরের মেনুতে রয়েছে পোলাও, গরুর রেজালা (যারা গরু খান না এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছে। বর্তমানে সারা দেশের কারাগারগুলোতে হাজতি ও কয়েদি মিলিয়ে মোট বন্দির সংখ্যা প্রায় ৭৮ হাজার ৫০০।
ঈদের দিন বন্দিরা স্বজনদের রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন। বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে খেলাধুলারও। এ ছাড়া স্বজনদের সঙ্গে মুঠোফোনে পাঁচ মিনিট কথা বলার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।









