ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, নেশা ও জুয়া কেবল অর্থের অপচয় নয়, এগুলো মানুষকে ধীরে ধীরে সুন্দর জীবন থেকে দূরে সরিয়ে নিলে এবং মানসিক ও সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এসবের ফাঁদে পড়ে মানুষ তার প্রিয়জন, পরিবার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পুরোপুরি হারিয়ে ফেলে।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী উল্লেখ করেন, তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার ভেঙে টুকরো হয়ে যায় যখন মানুষ নেশা বা জুয়ার আসক্তিতে ফাঁদে পড়ে। সুন্দর জীবন তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, জীবন আল্লাহর দেয়া এক অমূল্য আমানত, যা কোনোভাবেই ধ্বংসের জন্য নয়। বরং জীবনকে আল্লাহর স্মরণ, ইবাদত এবং ভালোবাসায় পরিপূর্ণ করে সৌন্দর্যমণ্ডিত করা আমাদের দায়িত্ব।
আজহারী বলেন, মানুষকে সুন্দর ও অর্থবহ জীবন দেওয়াই আল্লাহর উদ্দেশ্য, আর এই জীবনের মূল লক্ষ্য হলো কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। তিনি সতর্ক করে বলেন, নেশা ও জুয়া ব্যক্তি ও পরিবার উভয়ের জন্যই ধ্বংসাত্মক। এগুলো শুধু অর্থের ক্ষতি ঘটায় না, বরং সম্পর্ক, মূল্যবোধ এবং মানুষের মানসিক স্থিতিও ক্ষতিগ্রস্ত করে।
পোস্টের শেষাংশে আজহারী সবাইকে আহ্বান জানিয়েছেন, আসুন আমরা আল্লাহর প্রদত্ত এই অমূল্য আমানতকে রক্ষা করি। জীবনকে অর্থবহ করে গড়ে তুলতে হবে। নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার প্রতিজ্ঞা করি, যাতে আমাদের জীবন এবং পরিবার উভয়ই শান্তিময় ও কল্যাণময় হয়।









