বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। তিনি জানান, দলটি জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় জামায়াত আমির বলেছেন, আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করব।
সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।
আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে যথেষ্ট সুযোগ দেবেন বলেও প্রত্যাশা করেন শফিকুর রহমান।









