আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। গঠিত কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে।রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় গুলশানের বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য গঠিত এই কমিটির প্রথম বৈঠক বিকেল ৫টায় গুলশানের অফিসে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।









