মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
গতকাল রবিবার (১ মার্চ) এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ‘নিঃশর্তভাবে’ এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং ইরান ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আনোয়ার উল্লেখ করেন, “এই ঘটনা মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদি ও গুরুতর অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।”
আনোয়ার ইব্রাহিম বললেন, “একজন রাষ্ট্রপ্রধানকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতি ও আদর্শকে দুর্বল করে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি থেকে সরে আসারও আহ্বান জানান। “আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব।”
আনোয়ার অবিলম্বে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অর্থবহ সংলাপে ফেরার আহ্বান জানিয়ে বলেন, “এই সংকট শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতি, সংযম ও রাজনৈতিক সদিচ্ছা।”









