বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর ফলে দুই মামলায় এখন পর্যন্ত পাঁচ দফায় মোট ১৮ দিনের রিমান্ডে নেওয়া হলো তাকে।
আদালত সূত্রে জানা গেছে, সর্বশেষ দুই দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ মিরপুর মডেল থানায় জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেনের মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
ওই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। একই দিন পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরে ৮ এপ্রিল এই মামলায় আরও চার দিনের রিমান্ড এবং ১২ এপ্রিল দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সর্বশেষ আদেশসহ মোট পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হলো তাকে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান এবং ভাঙচুর করেন।
অভিযোগে বলা হয়, ওই সময় কার্যালয়ের সামনে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।









