বায়ুদূষণে শীর্ষে আবারও ঢাকা
প্রকাশ:

বিস্তারিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এই অবস্থায় ঢাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
দূষণের তালিকায় অন্যান্য শহরের অবস্থান
ভারতের কলকাতা ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোরও ‘অস্বাস্থ্যকর’। তবে তালিকার সপ্তম অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর দিল্লির স্কোর ১৪৪। শহরটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয় শহরের স্কোর ১৮৫, তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই’র স্কোর ১৭৮, চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৯, ষষ্ঠ অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৫৬। শহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বায়ুমানে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঝুঁকি বেশি। এ অবস্থায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।








