লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, বৈরুত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের এখনই আশ্রয়স্থল ত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো স্পষ্ট ঘোষণা বা আনুষ্ঠানিক নির্দেশনা লেবানন সরকারের পক্ষ থেকে না আসা পর্যন্ত নিরাপদ স্থানে থাকা বাংলাদেশিরা তাদের বর্তমান অবস্থান ত্যাগ করবেন না।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিজ কর্মস্থল বা আবাসস্থলে ফেরার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানায়, প্রবাসী কর্মীরা কেবল তখনই তাদের বাসস্থান বা কর্মস্থলে ফিরতে পারবেন, যদি তাদের কফিল (নিয়োগকর্তা) সেখানে থাকা নিরাপদ নিশ্চিত করেন।
বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার এবং সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করার পাশাপাশি নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।









