ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি মি. জয়শঙ্কর।
খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। তার পাঁচদিনের মাথায় শোক প্রকাশ করল ভারত।
ভারতের পুরনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে নরেন্দ্র মোদির সরকার কোনেও প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল। তবে ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার নিন্দা করে এখনও কোনও বার্তা দেয়নি ভারত সরকার।









