বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এই বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দলটি তাদের হেফাজতে নিয়ে গেছে।
গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।









