জ্বালানি সংকট ও বৈশ্বিক সাপ্লাই চেইনের বিঘ্নের কারণে দেশে ইউরিয়া সার উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব জানান।
শিল্পমন্ত্রী বলেন, গ্যাস স্বল্পতার কারণে দেশের অধিকাংশ সার কারখানা বন্ধ থাকলেও বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে রয়েছে। তবে জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী আগামী ১ মে থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ শুরু হবে এবং কারখানাটি পুনরায় সচল করা সম্ভব হবে।
তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ায় সারের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ওপর জোর দিচ্ছে শিল্প মন্ত্রণালয়। জিটুজি চুক্তির আওতায় সৌদি আরব থেকে ২ লাখ টন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন এবং আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে আরও ৪ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া রক ফসফেট, ফসফরিক অ্যাসিড ও সালফারের মতো কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে মরক্কো, জর্ডান, ওমান, ইউএই, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে জিটুজি চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।









