ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ ভবন এলাকায় দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
পুরো এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাত ১২টা থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে ডাইভারশন কার্যকর করা হয়েছে, যা চলবে সকাল ১১টা পর্যন্ত। নির্দেশনা অনুযায়ী, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহনকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহনকে বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে। অন্যদিকে উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।









