রাজধানীর আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে। এই বদলির মাধ্যমে কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপির জারি করা আদেশ অনুযায়ী- উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে নতুন করে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









