প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন তারেক রহমান। শনিবার সকালে কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান।
অফিসে প্রবেশের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে কর্মরত থাকা অনেক কর্মকর্তা-কর্মচারীকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে টেনে নেন। অনেককে নাম ধরে সম্বোধন করে কুশল বিনিময় করায় দীর্ঘদিনের পুরনো কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় কার্যালয়ের সাধারণ কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপার (Magnolia Champaca) চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









