অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। কমিশন পুনর্গঠিত হলেই অভিযোগ তদন্তের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। সরকারের ভেতরেও যদি কোনো অনিয়ম ঘটে, সেটিও নজরদারির আওতায় আনা হবে।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেছেন, এই খাতকে অবশ্যই সুশৃঙ্খল করতে হবে। এটি কেবল বিদ্যুৎ ব্যবহারের বিষয় নয়, বরং সড়ক নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। অনেক চালক প্রশিক্ষণহীন এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আগে অলিগলিতে সীমাবদ্ধ থাকলেও এখন এসব যান প্রধান সড়কেও চলাচল করছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
তিনি আরও বলেছেন, অনিয়মিত চালক ও ত্রুটিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
ব্যাংকিং খাত নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আগের সরকারের সময় এ খাত কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে ইতোমধ্যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ব্যাংকিং খাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনা হলে আস্থার সংকট তৈরি হতে পারে। তাই ধীরে, পরিকল্পিত ও স্থিতিশীলভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
একই সঙ্গে তিনি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। যারা শুরু থেকেই ঋণ পরিশোধের মানসিকতা রাখে না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজস্ব আয় বাড়াতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।









