গত ২৪ ঘণ্টায় দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন।
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৮২ জন। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯৯ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।
মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলার হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে।









