দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মানুষের চরম ভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
গতকাল সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
জামায়াত আমির বললেন,আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল নিতে মানুষের যে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে- কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা- তা সত্যিই খুব কষ্টের। রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কারও গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে।
বিরোধীদলীয় নেতা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে- এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।
সাধারণ মানুষের ঈদযাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন, আমরা এর আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে- দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।
সর্বশেষ বিরোধীদলীয় এ নেতা বললেন, দেশবাসীর প্রতিও অনুরোধ, এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।









