জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করাই পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে সব সময় নিজেকে আধুনিক ও আপডেট রাখার আহ্বান জানান তিনি।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এটি শুধু একটি চাকরি নয়, বরং একটি মহান সেবামূলক পেশা। ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে হবে। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখারও আহ্বান জানান তিনি।
এর আগে আইজিপি কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশগ্রহণ করেন, যাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।









