বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই তথ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে অংশগ্রহণকারীরা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবইতে স্বাক্ষর করেন।
সাদিক কায়েম জানান, তারেক রহমান ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষভাবে তিনি জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তার বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, “রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তারেক রহমান ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লব দেশবাসীর সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনেছে, যা কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবে বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনকে কাজে লাগিয়ে দিল্লির পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডাকসু ভিপি আরও জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের মূল লক্ষ্য। তিনি বলেন, গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকারের বাইরে রাখা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটের মতো উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বৈঠকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলন নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেপ্তার হননি এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শেষে সাদিক কায়েম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।









