তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরাইলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বন্দুকধারী বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনা গেলে এক পুলিশ সদস্য অস্ত্র বের করে আড়ালে আশ্রয় নিচ্ছেন। ঘটনাস্থলে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তুরস্কের সম্প্রচারমাধ্যম হাবেরতুর্ক জানায়, হামলাকারীরা অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই হামলাকারী নিহত হয় এবং আরেকজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর কনস্যুলেট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। টেলিভিশন ফুটেজে সশস্ত্র পুলিশকে এলাকায় টহল দিতে দেখা গেছে। গোলাগুলির সময় কনস্যুলেট খোলা ছিল বলেও জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইস্তাম্বুলের কনস্যুলেট ভবনে বর্তমানে কোনো ইসরাইলি কূটনীতিক কর্মরত নেই। একই অবস্থা আঙ্কারাতে অবস্থিত ইসরাইলি দূতাবাসেও—সেখানে স্থানীয় কর্মীরাই দায়িত্ব পালন করছেন।
হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় তুরস্ক বা ইসরাইল সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









