রাজধানীর ডেমরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল শুক্রবার নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামত এবং ভাল্ব পরিবর্তনের জরুরি কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে ডেমরা থানার আওতাধীন সব এলাকা, পাশাপাশি সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুরসহ সংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, উল্লিখিত কাজের কারণে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ (লো প্রেসার) বিরাজ করতে পারে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে বলে সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।









