রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-২ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শামসুল ইসলাম।
গ্রেপ্তার চাঁদাবাজের নাম জাকির হোসেন। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করেন। তাকে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটন চাঁদা দাবি করে বিভিন্ন সময় কয়েক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেয়।
চাঁদাবাজ জাকির, লিটন ও তার সহযোগীরা প্রায়ই ভূক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। এরপর গত ৩০ মার্চ বিকেলে গ্রেপ্তার জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ সময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এরপর আলমগীর থানায় এসে মামলা করেন।
এ ঘটনার পর র্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









