সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমেই দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে পুরোপুরি নির্মূল করা কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, যদি ভোটাররা দুর্নীতিবাজ ও চাঁদাবাজ ব্যক্তিদের প্রতিহত করে সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করেন, তাহলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
আবদুল মোমেন আরও উল্লেখ করেন, “দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু আমাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম মাত্র একদিনেই সীমাবদ্ধ। তারপরও সচেতনতার মাধ্যমে দুর্নীতির লাগাম টানা সম্ভব।”









