পহেলা বৈশাখ উপলক্ষে নিজ বাড়িতে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদ্যাপন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিনে রঙিন কাগজ, ঘুড়ি ও বাঙালি সংস্কৃতির নানা উপাদান দিয়ে নিজের বাড়ি সাজান এই অভিনেত্রী। অতিথিদের জন্য ছিল মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজা, নানা ধরনের ফলসহ ঐতিহ্যবাহী পান্তা–ইলিশ ও ভর্তার আয়োজন।
এছাড়া বাড়ির আঙিনায় ছোট পরিসরে মেলার আবহ তৈরি করা হয়। সেখানে ছিল টিয়াপাখির ভবিষ্যদ্বাণী, ফুচকা স্টল এবং নানা বিনোদনমূলক আয়োজন। গান-বাজনার অনুষ্ঠানেও মুখর ছিল জয়ার বাড়ি।
আয়োজনে উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও সহকর্মীরা, যার মধ্যে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই।
নববর্ষ উদ্যাপন প্রসঙ্গে জয়া আহসান বলেন, পহেলা বৈশাখের আগের দিন থেকেই তাঁদের বাড়িতে উৎসব শুরু হয় এবং তা চলে কয়েকদিন ধরে। তিনি জানান, বাঙালিয়ানার সব রূপ তুলে ধরতেই এই আয়োজন। নববর্ষে পান্তা ভাত খাই। কৃষিপ্রধান দেশে কৃষকদের প্রিয় খাবার এ পান্তা ভাতই। তাদের সম্মান জানাতেই নববর্ষে পান্তাভাত খাওয়ার রীতি প্রচলিত আছে দীর্ঘ সময় ধরে। এ পান্তার সাথে বাঙালির ঐতিহ্যবাহী খাবার হিসেবে নানান পদের ভর্তারও আয়োজন করেছি।
তিনি আরও বলেন, “নববর্ষে নিজের দেশীয় সংস্কৃতির সঙ্গে থাকতেই সবচেয়ে ভালো লাগে।”









