আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে পুরোপুরি নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, আঞ্চলিক কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চ্যুয়াল জুম সভায় তিনি এসব দিকনির্দেশনা দেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানান পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অযৌক্তিক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলের কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ জোরদার করতে এই প্রযুক্তিনির্ভর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও নির্দেশ দেন, বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রগুলোতে আইপিএস রাখতে হবে, যাতে পর্যবেক্ষণে কোনো বিঘ্ন না ঘটে।
নকলবাজি প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।”
তিনি শিক্ষকদের উৎসাহ দিয়ে বলেন, সঠিক দায়িত্ববোধ নিয়ে কাজ করলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব।
শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে জানান পূর্বের মতো এবারও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তিনি বলেন, শিক্ষকরা যেন কোনো ভয় ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, তা সরকার নিশ্চিত করবে।
পরীক্ষকরা খাতা মূল্যায়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অবহেলা না করেন, সে বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, খাতায় যেমনটা লেখা থাকবে, যথাযথ উত্তর যাচাই করে তবেই নম্বর দিতে হবে। অযথা বাড়তি বা কম নম্বর দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে ২০০১–২০০৬ সাল পর্যন্ত দেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবারও কঠোর নজরদারি, আইনপ্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে প্রশ্নফাঁস রোধ করা হবে। কেউ এসব অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএসসি ও সমমান পরীক্ষাকে সফলভাবে পরিচালনা করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, একটি মেধাবী জাতি গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।









