প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, মেধা ও বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, বরং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি টেকসই উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে পারস্পরিক আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী এবং ব্রিটিশ কাউন্সিলর।









