জ্বালানি সংকটেও পাকিস্তানে ঐতিহাসিক ঘোষণা
প্রকাশ:

বিস্তারিত
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে, যেখানে হঠাৎ করেই জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে দেশটির সরকার ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম প্রায় দ্বিগুণ বাড়ায়, যা সাধারণ মানুষের ওপর বড় চাপ তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসলামাবাদে গণপরিবহন ভাড়া ফ্রি
এ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি কমাতে জরুরি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের গণপরিবহনের ভাড়া সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তিনি বলেছেন, শনিবার থেকে শুরু হয়ে ৩০ দিন পর্যন্ত এই সুবিধা চালু থাকবে এবং এ খাতে ব্যয় হিসেবে ৩৫০ মিলিয়ন রুপি বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জ্বালানির দামে বড় ধাক্কা
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানি মূল্য ঘোষণা করেন।
নতুন দরে- পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ, এখন প্রতি লিটার ৪৫৮.৪০ রুপি, ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ, এখন প্রতি লিটার ৫২০.৩৫ রুপি।
জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।
যুদ্ধের প্রভাবেই এই সিদ্ধান্ত
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে জ্বালানি সরবরাহ ও দামে স্থিতিশীলতা ফেরানো কঠিন হয়ে পড়েছে।
মন্ত্রী আরও জানান, সরকার সর্বোচ্চ চেষ্টা করেও আগের দাম ধরে রাখতে পারেনি। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হয়েছে।
সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, জ্বালানির দামে এমন বড় বৃদ্ধি পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।
তবে সাময়িক স্বস্তি হিসেবে গণপরিবহন ভাড়া ফ্রি রাখার সিদ্ধান্ত কিছুটা চাপ কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান








