সরকারি চাকরিজীবী ও জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহনের জন্য তেল সরবরাহ সহজ করতে শরীয়তপুরের জাজিরা উপজেলা-তে বিশেষ ‘জরুরি লাইন’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ের জন্য এই বিশেষ সুবিধা চালু থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত সংশ্লিষ্টদের জন্য আলাদা লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
ওমর ফারুক, জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা, স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে এই জরুরি সেবা কার্যকর থাকবে। এই সুবিধার আওতায় হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার যানবাহন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পাবেন।
তবে পাম্পে জ্বালানি মজুদ থাকা সাপেক্ষেই এই সেবা কার্যকর থাকবে বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া নির্ধারিত সময়সূচি মেনে পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি সেবা খাতে নিয়োজিত যানবাহনের জন্য একই ধরনের অগ্রাধিকার ভিত্তিক তেল সরবরাহ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।









