জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের দেশের শিক্ষামন্ত্রীকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। তার মতে, বর্তমান শিক্ষামন্ত্রীর যোগ্যতা ও কার্যক্রম বিবেচনায় তিনি সর্বোচ্চ হলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার উপযুক্ত।
সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আব্দুল কাদের লিখেছেন, এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ডে এমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি যা তাকে দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্য প্রমাণ করে। বরং তার আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসে শুধু নকল প্রতিরোধের বিষয়টি।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষাখাতের মানোন্নয়ন, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন কিংবা কাঠামোগত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তার মতে, নকল প্রতিরোধ ও দলীয় বৃত্তির প্রসঙ্গ ছাড়া শিক্ষামন্ত্রীর কাছ থেকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে কোনো কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকল ঠেকাতে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান এবং দলীয় বৃত্তি সংক্রান্ত বক্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটেই আব্দুল কাদেরের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।









