সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জন।
এ সময়ে নতুন করে নিশ্চিত হামরোগীর শনাক্ত হয়েছে ১৬৫ জন। এ নিয়ে একই সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৪৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ জনের।









