রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
গুলশান থানা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল গুলশান থানার একটি টিম বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








