সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর মাধ্যমে আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হলেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শাখাওয়াত হোসেন।
দৈনিকের প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে ইউনিক গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, পিএইচপি ফ্যামিলির ডিজিএম সৈয়দ এনামুল হক এবং দৈনিক আমাদের সময়ের বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণকালে শাখাওয়াত হোসেন বলেন, “দৈনিক আমাদের সময়কে সামনের দিকে এগিয়ে নিতে যা কিছু প্রয়োজন তা করা হবে। পত্রিকাটির গৌরব ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ উন্নয়নের পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিও নিশ্চিত করা হবে।”
শাখাওয়াত হোসেন ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত ছিলেন। পরে তিনি সাংবাদিকতা ছেড়ে করপোরেট খাতে যোগ দেন এবং পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখা অব্যাহত রাখেন। পরবর্তীতে তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন এবং চলতি বছর এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন।









