বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ২৯৭ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশে এই তালিকায় ঢাকার অবস্থান ১১তম। বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান ১৬১ একিউআই স্কোরসহ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এসব এলাকায় রয়েছে— মিরপুরের দক্ষিণ পল্লবী (২৪৭), কল্যাণপুর (২০৮) এবং বেচারাম দেউড়ি (২০১)। এছাড়া বাকি কিছু এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে, যেমন— মাদানি সরণির বেজ ওয়াটার (১৮৫), গোড়ান (১৮৫), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮০) এবং পীরেরবাগ রেললাইন (১৭৯)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর সহনীয় বা মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ পর্যন্ত সাধারণ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১-এর বেশি স্কোর থাকলে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।









