করোনা দুর্যোগের মধ্যেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং লেনদেনেও গতি ফিরছে। বর্তমানে লকডাউন এলাকা ব্যতীত সারা দেশে পুরোদমে ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংকগুলো। স্বাস্থ্যবিধি মেনেই সেবা দেওয়া হচ্ছে ব্যাংকগুলোতে। এ ছাড়া সংক্রমণ রোধ করতে গ্রাহকদের জন্য সশরীরে ব্যাংকে না এসে বিকল্প ডিজিটাল চ্যানেলে সেবার পরিধি বাড়িয়েছে ব্যাংকগুলো। এতে ব্যাংকিং লেনদেনও বাড়তে শুরু করে।
ব্যাংকারদের মতে, ব্যাংকিং লেনদেন আগের তুলনায় প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। ঈদের আগে লেনদেনে আরো বেশি গতি পাবে। তবে স্বাভাবিক সময়ের মতো শতভাগ লেনদেনে যেতে আরো অনেকটা সময় লাগবে।
রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান জানান, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই রূপালী ব্যাংক কর্মকর্তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক প্রদান করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাকর্মীদেরও একই সুবিধার আওতায় আনা হয়েছে। গ্রাহকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসলের মাধ্যমে হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রবেশমুখে সাবান ও পানি রাখা হয়েছে সবার হাত ধোয়ার জন্য।
আনন্দবাজার/তা.তা









