পবিত্র শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামের কেবলারচরে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামি মালেকসহ ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। ২৫ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া এ মামলার তিন আসামি আগেই মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত এ রায় ঘোষণা করবেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল মালেক, সাঈদ মেম্বার, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন রেফু, নিহর জমসের আলী, মির হোসেন, মজিবুর রহমান ওরফে বরিশাল, আনোয়ার হোসেন, রজ্বব আলী, আলম, মোহাম্মদ রানা, আব্দুল হানিফ ও আসলাম মিয়া।
এর আগে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনেন তিনি। মামলাটিতে ৯২ জন সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
২০১৩ সালের ৮ জুলাই এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
এর আগে ওই বছরের ৭ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১১ সালের ১৭ জুলাই শব-ই-বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলারচরে বেড়াতে যান সাত তরুণ। স্থানীয় কিছু লোক তাদের ডাকাত সন্দেহে ছয়জনকে পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত হয়েও ভাগ্যক্রমে বেঁচে যান আল আমিন।
আনন্দবাজার/শহক









