চলতি ২০১৮-১৯ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড লাভ করেছে ২৭২ কোটি টাকা।
বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে বিমান পরিবহনের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এক বছরে বাংলাদেশ বিমানের আয় দাড়িয়েছে পাঁচ হাজার সাতশ ৯১ কোটি টাকা। যেখানে ব্যয় হয়েছে পাঁচ হাজার পাঁচশ ১৯ কোটি টাকা।
তিনি আরও জানান, এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা বাবদ ৫৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
বর্তমানে বিমানের টিকিট বিক্রি সম্পূর্ণ অটোমেশন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর প্রথম ব্যাগ ১৬ মিনিটে এবং শেষ ব্যাগ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। ভুলক্রমে যদি কোনো ব্যাগ ফ্লাইটে না আসে তাহলে পরে তা যাত্রীর বাড়িতে হোম ডেলিভারি দেওইয়ার ব্যাবস্থা করা হয়েছে।
ইতিমধ্যেই বিমানের আরও বেশ কিছু রুট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তারমধ্যে চীন, জাপান ও ইউরোপের কয়েকটি দেশে ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আনন্দবাজার/শাহী









