সত্য তথ্য না জেনে বা যাচাই-বাছাই না করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি ও ব্যক্তির ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
সাইবার অপরাধ রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কোনো পোস্ট শেয়ার করলে তার পোস্টের সত্যতা যাচাই না করে কৌতূহলবশত প্রকাশ না করাই শ্রেয়। গুজবে কান না দিয়ে সে বিষয়ে কোনো মন্তব্য করার আগে তা যাচাই করা উচিত। তা আমাদের সমাজ ও দেশ সবার জন্যই মঙ্গল।’
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মানুষ বহুমুখী সেবা পাচ্ছে মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা জানান, ‘ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এ ধারা অব্যহত থাকবে'। তিনি আরও জানান, 'এখন ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, এটি বাস্তবে পরিণত হয়েছে। আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি, যার কারণে দেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।’
প্রধানমন্ত্রী জানান, ‘ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সবাই ভোগ করছে। এর মাধ্যমে আমাদের উন্নয়ন সাধিত হচ্ছে। দেশের প্রায় প্রত্যেক মানুষই এখন ইন্টারনেট ব্যবহার করছে। দেশের বেশিরভাগ জায়গায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি রয়েছে। এছাড়া যতদ্রুত সম্ভব দুর্গম এলাকায়ও ব্রডব্যান্ডের কানেক্টিভিটি দেওয়া হবে।’
শেখ হাসিনা জানান, ‘দেশে ই-পাসপোর্ট প্রস্তুতিকরণের কাজ চলছে। খুব শীঘ্রই এটি চালু হবে। এছাড়া কৃষিখাতে তথ্যপ্রযুক্তির ভূমিকা আজ অনস্বীকার্য। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে ই-কৃষির যথেষ্ট অবদান রয়েছে।’
এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠান থেকে সব ধরণের সরকারি সেবা সংবলিত মোবাইল অ্যাপ ‘মাই গভ’ বা ‘আমার সরকার’-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপ থেকে সরকারি ১৭২টি সেবা গ্রহণ করতে পারবে দেশের জনগন।
আনন্দবাজার/শাহী









