বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী আজ ফাল্গুন মাসের ১ তারিখ। বাংলা ষড় ঋতুর প্রাণের ঋতু বসন্তের প্রথম দিন আজ। তাই তো গাছে গাছে ফুল আর নতুন পাতায় বাহারি ঢঙে প্রকৃতি সেজেছে বসন্তের সাজে।
বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী পূর্বে ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বসন্ত উদযাপন করলেও ২০২০ থেকে নতুন সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিন পড়ে ১৪ ফেব্রুয়ারি।

নতুন বাংলা বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে ১৯৭১ সালের কয়েকটি ঐতিহাসিক দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে। যার ফলে ইংরেজি দিন ঠিক থাকলেও কিছুটা এদিক সেদিক হয়েছে বাংলা মাসের তারিখ। নতুন এই বর্ষপঞ্জিতে জাতীয় দিবসের বাংলা তারিখ এখন থেকে একই থাকবে প্রতিবছর।

বাংলা একাডেমির তথ্য অনুসারে, সংশোধিত বর্ষপঞ্জিতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে। তবে গ্রেগরীয় পঞ্জিকার অধিবর্ষে (লিপ ইয়ার) ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সেভাবেই সাজানো হয়েছে নতুন বাংলা বর্ষপঞ্জি।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গনে নানা আয়োজনে পালিত হয় ‘বসন্ত বরণ’ উৎসব। তবে করোনাভাইরাস প্রকোপের কারণে এ বছর ‘বসন্ত বরণ’ উৎসব পালন করা হচ্ছে না।
আনন্দবাজার/ডব্লিউ এস








