- ২৪ গ্রামের শত শত বিঘা ফসলিজমি স্কুল, মাদ্রাসা, মন্দির, হাসপাতাল, ক্লিনিকসহ মূল্যবান স্থাপনা নদীতে বিলিন
ফরিদপুরের জেলা সদরসহ সদরপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় উপজেলার পদ্মা নদী ও মধুমতির নদীর তীরবর্তী এলাকায় প্রচণ্ড নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। দুটি নদীর ভাঙনে হাজার হাজার পরিবার গৃহহারা হয়ে পড়েছে। চার উপজেলার ৫টি ইউনিয়নের ২৪টি গ্রামের শত শত বিঘা ফসলিজমি স্কুল, মাদ্রাসা, মন্দির, হাসপাতাল, ক্লিনিকসহ মূল্যবান স্থাপনা পদ্মা ও মধুমতি নদীর বুকে বিলিন হয়ে গেছে।
এর মধ্যে, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী খেয়াঘাট, গোলডাঙ্গী, উস্তাডাঙ্গী এবং ইউসুফ মাতুব্বরের ডাঙ্গীর কমপক্ষে তিনটি গ্রাম নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি এবং প্রায় চার শত বাড়ি-ঘর।
গত ৭ দিনে একমাত্র ইউসুফ মাতুব্বরের ডাঙী গ্রামের ৭০ থেকে ৮০টি বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। এতে প্রায় দেড়শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়ছে। প্রচণ্ড ভাঙনের চিত্র দেখে কেউবা হাউমাউ করে কাঁদছেন, সংবাদকর্মীদের জড়িয়ে ধরে।
ইতোমধ্যে, পদ্মার ভাঙনে গত ৫ মাসে উস্তাডাঙ্গী ও গোলডাঙ্গীর আরও ২টি গ্রামের প্রায় দুইশত পরিবার গৃহহারা হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন রাস্তা পাশের ঝুঁপড়ি ঘরে।
হুমকীর মুখে রয়েছে, তিন কোটি টাকার পাউবোর গোলডাঙ্গী ব্রিজ, সরকারি তিনটি রাস্তা, চরটেপুরাকান্দি সরকারি স্কুল, ক্লিনিক ও মসজিদ। অপরদিকে, জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দীন মাতুব্বর ডাঙ্গী, তাইজউদ্দীন মাতুব্বর ডাঙ্গী, ভুঁইয়া বাড়ির ঘাট, ধলারমোড়, সিএন্ডবি ঘাট, ট্রলারঘাট, খেয়াঘাটেও প্রচণ্ড ভাঙনের তীব্রতা বাড়ছে।
এছাড়াও, মধুমতি নদীর তীব্রতা বাড়ায় জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্প ‘স্বপনগর’ ভাঙন ঝুঁকিতে রয়েছে। এখানকার নদী রক্ষা বাঁধের ৯শ’ মিটারের বাঁধের মধ্যে ৭শ’ মিটার বাঁধ মধুমতির বুকে বিলীন হয়ে গেছে।
এদিকে, প্রচণ্ড ভাঙনের মুখে পড়ে জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী, জাকেরর হুরা, শিকদার ডাঙ্গীর তিনটি গ্রাম ভেঙ্গে পদ্মার বুকে বিলীন হয়েছে।
সদরপুর উপজেলার চরনাসিরপুর, দিয়ারা নারিকেল বাড়িয়া, আকোটেরচর এলাকাগুলো পদ্মা নদীর ভাঙনের মুখে পড়ে উপজেলার মানচিত্র থেকে ৪০টি পরিবার নিয়ে গড়ে উঠা শতাধিক ডাঙ্গী এখন পদ্মার বুকে।
উল্লেখিত ভাঙন রোধকল্পে ধারাবাহিকভাবে কাজ করছেন বলে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৈশলী পার্থ প্রতীম সাহা নিশ্চিত করছেন। ফরিদপুর জেলা প্রশাসন বলছে গৃহহীন পরিবারদের সব ধরনের সহযোগীতা প্রদানে কাজ করে যাচ্ছে।









