দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আগামী রোববার (১ নভেম্বর) থেকে আবারও চালু হচ্ছে পবিত্র ওমরাহ হজ। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সীমিত পরিসরে ওমরাহ হজ পালনের সুযোগ পাবে। তবে ওমরাহ হজ কার্যক্রম চালু হলেও বাড়ছে খরচ। এতে খুশি নন হজ এজেন্সির মালিকরা ও গ্রাহকরা।
নাম না প্রকাশের শর্তে একাধিক হজ এজেন্সির মালিক জানান, ‘ ৮ মাস বন্ধ থাকার পর ওমরাহ হজ কার্যক্রম সীমিত পরিসরে চালু করলেও নানান শর্ত জুড়ে দিয়েছে সৌদি সরকার। যার কারণে অনেক খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’
জানা যায়, বিধি মোতাবেক সকল বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারবেন না। বর্তমানে শুধুমাত্র ২৫ থেকে ৫০ বছর বয়সীরাই ওমরাহ পালনে যেতে পারবেন। একসঙ্গে ৫০ জনের গ্রুপ করে যেতে হবে। সৌদি আরবে গিয়েই তাদেরকে তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও শারীরিক অবস্থা পর্যালোচনা করেই ওমরাহ পালনে অনুমতি প্রদান করা হবে। হোটেলের এক রুমে দুজনের বেশি ওমরাহ যাত্রী রাখা যাবে না। ওমরাহ প্যাকেজের আওতায় খাবারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
এজেন্সির মালিকরা বলছেন, এসব শর্ত মানতে গিয়ে ওমরাহ হজের খরচ আগের তুলনায় বাড়বে। এসব শর্ত মেনে ও আগের চেয়ে বেশি টাকা খরচ করে ওমরাহ পালনে মানুষ যাবেন কি না- সেটি এখন প্রশ্ন।
আনন্দবাজার/রনি









