করোনা রোগীদের সেবা দিতে সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। এরই মধ্যে ঢাকার অবকাশ হোটেলটি তাঁরা ব্যবহার শুরু করেছেন। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে দেশব্যাপী ছড়িয়ে থাকা বিপিসির সব হোটেল-মোটেল।
বিপিসি চেয়ারম্যান রাম চন্দ্র দাস জানান, চিকিৎসক, নার্সসহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যেসব স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন আমারা এই ব্যবস্থা নিয়েছি। এরই মধ্যে ঢাকায় হোটেল অবকাশে কিছু সংখ্যক স্বাস্থ্যকর্মী থাকা শুরু করেছে। তাছাড়া সারা দেশে পর্যটন করপোরেশনের সবগুলো হোটেল-মোটেল স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সরকার চাইলে স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারবেন।
করোনা রোগীদের সংস্পর্শে আসায় স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে ঝুঁকিতে। তাদের মাধ্যমে পরিবার বা অন্যরা সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকে বেশি। তাই তাদের জন্য পৃথক বাসস্থানের জায়গা করতে বিশ্বের অনেক দেশেই আবাসিক হোটেলকে বেছে নিয়েছে।
এইদিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেলের দরজা। যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের রাখা হবে বিলাসবহুল তাজমহল প্যালেসে। এছাড়াও তাজ গ্রুপের আরো ছয়টি হোটেল খুলে দেয়া হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য।
উল্লেখ্য, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে দেশের প্রায় সব পর্যটন এলাকার পাশাপাশি বড় শহরগুলোতে হোটেল-মোটেল রয়েছে। করপোরেশনের আবাসিক হোটেল রয়েছে।
আনন্দবাজার/শহক








