রমজান মাস এলেই পণ্যের দাম বাড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী। বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ থাকলেও তারপরেও দাম বাড়িয়ে দেয় তারা। এছাড়াও নানা অজুহাতে পণ্যের দাম বাড়ান রাজধানীর ব্যবসায়ীরা।
খবর নিয়ে দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে যে দামে সবজি বিক্রি হচ্ছে, তার বেশিরভাগ সবজির দামই মোকামে এর অর্ধেক। আবার কিছু পণ্যের দাম চারগুণও রেড়েছে।
রমজান মাসে সবচেয়ে প্রয়োজনীয় সবজি বেগুন। যা দিয়ে তৈরি হয় বেগুনি। ইফতারিতে বেগুনি ও শসা না থাকলে যেন অসম্পূর্ণ থাকে সব আয়োজনই। এছাড়া ধনে ও পুদিনার পাতা খুবই প্রয়োজনীয় পণ্য। প্রয়োজন অন্যান্য তরিতরকারিও। এ কারণে সুযোগ বুঝে ব্যবসায়ীরা সব পণ্যের দাম বাড়িয়ে দেয়।
গত কয়েকদিনে ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে- ঢাকায় বাজার ভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে। অথচ বগুড়ার মহাস্থানের মোকামে বেগুনের দাম ১৫ টাকা কেজি। আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকায়। ঢাকায় শসার দাম ৪০-৫০ টাকা কেজি। মোকামে ১৫-১৮ টাকা টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ঢাকায় করলার কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। উস্তা ৩০-৪০ টাকা কেজি। বরবটি পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকায়। পেঁপে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পটল ৪০-৫০, ঝিঙা ৪০-৫০ এবং চিচিঙ্গা ২০-৩০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। গাজর ৩৫-৪০ টাকা। টমেটো ২০-৩০ টাকা। কচুর লতি প্রতি কেজি ৬০, বড় কচু ৪৮-৫০, মুলা ৩০, প্রতি কেজি ধনিয়াপাতা ১৫০ এবং পুদিনা পাতা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। প্রতি হালি লেবু (ছোট) ৩০-৪০, বড় সাইজের লেবু ৬০-৭০, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা এবং কাচা মরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বগুড়া মহাস্থানের কাঁচাবাজারের আড়তদার মোস্তাফিজুর রজমান জানান, ‘মহাস্থান বাজারে করলার কেজি ১২ টাকা। উস্তা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮ টাকা। বরবটি ২০, পেঁপে ২০, পটল ২৫, ঝিঙা ২০, চিচিঙ্গা ১৫, গাজর ১৮-২০, টমেটো ১০, কচুর লতি ৩০, বড় কচু ২০-২৫, মুলা ৫, ধনিয়াপাতা ৫০-৬০, পুদিনা পাতা ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু (ছোট) ১৫-২০, প্রতি পিস লাউ ২০-২৫, প্রতি পিস বাঁধাকপি ৫ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ার কেজি ৮ টাকা। কাঁচা মরিচ ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. মো. শামসুল আলম জানান, ‘কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। কৃষক না বাঁচলে কৃষি বাঁচবে না। কৃষক যাতে পণ্যের ন্যায্য দাম পায়, এটা সংশ্লিষ্ট মহলের দেখা উচিৎ। কৃষক যদি পণ্য উৎপাদন না করে শহরের মানুষেরা বিপদে পড়ে যাবে।’
আনন্দবাজার/রনি








